বরিশালে আশঙ্কাজনকহারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন গড়ে নগরীর সরকারি হাসপাতালগুলোতে প্রায় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন এবং সদর হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া বিভাগের পটুয়াখালী সদর হাসপাতালে ২৫, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, ভোলা সদর হাসপাতালে ৩৬, পিরোজপুর সদর হাসপাতালে ৪৫, বরগুনায় ২৯ ও ঝালকাঠিতে ৮জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগের ছয় জেলার মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী বরিশালে চিকিৎসা নিচ্ছে। ২য় অবস্থানে রয়েছেন পিরোজপুর এবং সবচেয়ে কম রোগী রয়েছে ঝালকাঠিতে। এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন সহ বিভাগে মোট ১১ জনের ডেঙ্গু আক্রান্তে মৃত্যু হয়েছে।
বিভাগসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আশা রোগীরা শে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি হচ্ছেন। হাসপাতালটিতে রোগীদের চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।
অন্যদিকে ডেঙ্গুর ব্যাপারে রোগীদের তেমন সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের একাধিকবার বলার পরেও টানানো হচ্ছে না মশারি। মশারি টানাতে অনিহা দেখা গেছে সিংহভাগ রোগী ও তাদের স্বজনদের মাঝে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সকলকের মাঝে সচেতনার বিকল্প নেই জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, দিন-রাত বুঝিনা ডেঙ্গু রোগীদের সব সময় মশারির মধ্যে থাকতে হবে। প্রতিটি সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগীদের সেবায় কাজ করছেন ডাক্তার ও নার্সরা। আমরা বল প্রয়োগ করতে পারিনা, আমাদের কাজ শুধু জানানোর তবে সকলের মাঝে সচেতনতার মনোভাব তৈরি হয় তাহলে আমরা ডেঙ্গু থেকে মুক্তি পাবো খুব সহজেই।
