উল্লাপাড়া প্রতিনিধি :: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অপহরণের ৪৮ ঘণ্টা পর অপহৃত সাইদুর রহমানের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গুনাইগাঁতী গ্রামের পাশের কুমা ব্রিজ এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাইদুর রহমান উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও সাইদুরের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সাইদুর সন্ধ্যার দিকে তার বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এর পর তিনি আর ফিরে আসেননি। পর দিন সাইদুরের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে তার পরিবারের মোবাইল ফোনে তাকে মুক্তির জন্য অপহরণকারীরা দেড় লাখ টাকা দাবি করে।
একাধিকবার এ টাকার দাবি করে মোবাইল করে অপহরণকারীরা। কিন্তু সাইদুরের পরিবারের পক্ষে এ টাকা প্রদান সম্ভব নয় বলে জানানো হয়। পরে সোমবার সকালে স্থানীয় লোকজন গুনাইগাঁতী গ্রামের পাশের কুমা ব্রিজ এলাকায় সাইদুরের ভাসমান লাশ দেখতে পেয়ে উল্লাপাড়া মডেল থানায় খবর দেন। পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করার পর জানান, পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোনের সূত্র ধরে খুনিদের শনাক্ত এবং তাদের ধরার প্রচেষ্টা শুরু করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
