বাগেরহাট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূলে আঘাত হেনে ক্রমশ দুর্বল হয়েছে।মোংলা-পায়রা উপকূল পেরিয়ে পুরোপুরি স্থলভাবে উঠে এসেছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’; বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পরিণত হয়েছে স্থল নিম্নচাপে।
ঝড়ের বিপদ কমে আসায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে শুক্রবার বেলা ১টার দিকে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। পরের দুই ঘণ্টায় বৃষ্টি ঝরাতে ঝরাতে বেলা ৩টার দিকে তা পুরোপুরি স্থলভাগে উঠে আসে।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ঝড়ো বাতাস ও মুষল ধারার বৃষ্টি কমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও, সন্ধ্যা থেকে সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহিন মজিদ। তিনি বলেন, বন্দরে এখন ১৪টি জাহাজ রয়েছে। বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। তবে জাহাজের চালকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এছাড়া বাগেরহাটের বিভিন্ন উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি ও ঝড়ো বাতাস স্থায়ী না হলেও, ক্ষয়ক্ষতি কম হবে বলে মনে করছেন স্থানীয়রা।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে নিম্নচাপে পরিনত হয়েছে। শনিবার নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
