যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনে থেকে রোববার (২৫ মে) সকালে সেলিম রেজা ডাবলু (৪৫) নামে এক ইজিবাইক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।
নিহত সেলিম রেজা যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।
নিহতের ছোটভাই শাহীন জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন ডাবলু। রোববার সকালে পুলিশের কাছে খবর পেয়ে পরিবারের স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ পরে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তারা।
তিনি আরও জানান, ছিনতাই করার উদ্দেশ্য হলে ছিনতাইকারীরা দুই-চারটি চাকু মেরে ইজিবাইক নিয়ে যাবে। কিন্তু দুর্বৃত্তরা সেটি না করে মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে একাধিক ছুরিকাঘাত করেছে।
যশোর হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, পুলিশ ভোরে একটি মরদেহ জরুরি বিভাগে নিয়ে আসেন। দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁচিয়েছে ও কুপিয়েছে। পেটের ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে এসেছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত জানান, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতা জের ধরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটন ও সনাক্ত করতে কাজ করছে।
