ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের (একাংশ) নেতাকর্মীদের গণপদত্যাগ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন তাদের ব্যক্তিগত কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়- বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর দীর্ঘদিন দলে মূল্যায়ন না পাওয়ায় সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের অবমূল্যায়নের অভিযোগ এবং প্রিয় নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের সমর্থন করায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ ও মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসিব ভুট্টো, সদস্য সচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার।
