বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরনে পুলিশ সহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) সকাল সাড়ে দশটার দিকে পৌর এলাকার কসবা ইসলামিক মিশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন-গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন, কনস্টবল মিজানুর রহমান ও স্থানীয় বাসিন্দা মাসুম হাওলাদার।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত রাজু হাওলাদারের বাথরুমের মধ্যে সোমবার দিবাগত রাতে বোমা রেখে তালাবদ্ধ করে রাখে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। মঙ্গলবার সকালে বাথরুম তালাবদ্ধ দেখে তালা ভাঙ্গেন রাজু হাওলাদারের ছেলে মাসুম। পরে তিনি ব্যাগ ও একটি বালতির মধ্যে ১০/১২ টি বোমা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টবল মিজানুর রহমান ঘটনাস্থলে ছুঁটে যান। পরবর্তীতে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরন ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে ঘটনার পরপরই থানা পুলিশের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
