ঢাকা মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দুই এতিম কন্যার বিয়ে, বাবা হলেন ডিসি জসিম

আইএম নিউজ
নভেম্বর ১, ২০২২ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল ব্যুরো:: বরিশাল নগরীর রুপাতলীতে অবস্থিত এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি সেজেছিলো ভিন্ন সাজে। রঙিন আলোকসজ্জা আর কাগজের ফুলে সাজ সাজ রব। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি। বাস্তবিকই সমাজকল্যাণ অধিদপ্তরের এই কেন্দ্রটি বিয়ে বাড়িতেই পরিণত হয়েছে।

গত শনিবার এখানে বেড়ে উঠা দুই অনাথ সৃষ্টি আক্তার ও তানজিলা আক্তারের বিয়ের আয়োজন ছিলো। ঐদিন আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের কৃষক বাকপ্রতিবন্ধী মো. রেজাউল সরদারের সাথে কনে সামাজিক প্রতিবন্ধী তানজিলা ও উজিরপুরের দক্ষিণ মোরাকাঠি এলাকার বাসিন্দা অটোরিকশাচালক ওবায়দুল মৃধার সাথে কনে সৃষ্টি আক্তারের সাথে তিন লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন হয়েছে।  সানাইয়ের সুরে বিয়ের রঙিন সাজে সাজেন দুই কন্যা, যাবেন নতুন ঠিকানায়। জীবনের গুরুত্বপূর্ণ এ দিনটিতে পাশে থাকার কথা মা-বাবা, পরিবার-পরিজনের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কেউ থাকার সুযোগ ছিল না। তবে বাবা-মা না থাকলেও পাশে ছিলেন আত্মার সম্পর্কের এক বিশাল পরিবার। দুই কনের বাবা হয়ে পাত্রদের হাতে মেয়েকে তুলে দেন বরিশালের মানবতার ফেরিওয়ালা খ্যাত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

বরিশাল সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুই এতিম কন্যার এমন ব্যতিক্রমী বিয়ে হয়। যাদের বেড়ে ওঠা এ প্রতিষ্ঠানে। এ দুই দম্পতির জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে বরিশাল জেলা প্রশাসন।

দুই কন্যা বলেন, ‘আমাদের মা-বাবা থাকলে আজ যা করতেন, ডিসি স্যার আমাদের জন্য তা-ই করেছেন। আয়োজনে কোনো কমতি রাখেননি তারা। এভাবে আমাদের বিয়ে হবে, তা কখনও ভাবতে পারিনি।’

দুই কন্যা ও তাদের বরদের জন্য সাজানো হয় রাজকীয় স্টেজ। এ বিয়ে অনুষ্ঠানে কমতি ছিল না কিছুই, নানান ফুল আর আলোতে সাজানো হয় বিয়ের মঞ্চ। আমন্ত্রিত ৩ শতাধিক অতিথিদের জন্য আয়োজন করা হয় পোলাও, মাছ, চিকেন রোস্টসহ পাঁচ পদের খাবার। এছাড়া আমন্ত্রিত অতিথিরাও সবাই সঙ্গে করে নিয়ে এসেছেন দামী উপহার। এরমধ্যে দুই বরের জন্য রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম দুটি অটোরিকশা ও এছাড়া মেয়েদের জন্য সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ প্রদান করেন জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, ‘একজন বাবা তার কন্যাদের যেভাবে বিয়ে দেন, তেমনি এ কন্যাদের বাবা হিসেবে আমি তাদের বিয়ে দিচ্ছি। সব নিয়ম সব আনুষ্ঠানিকতায় এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।’

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কর কমিশনার তাসনিমা হোসেন লুনা, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বরিশাল সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন....