ঢাকা বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে নন্দিনী কর্ণার আতঙ্কে অসুস্থ ৩৬ ছাত্রী

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
মে ১৬, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগীতে স্কুলের নন্দিনী কর্ণার আতঙ্কে ৩৬ ছাত্রী অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির পর বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ মে) উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নন্দিনী কর্ণারে প্রবেশ করতে গিয়ে নন্দিনী আতঙ্কে সুমি, হাবিবা, মরিয়ম, সুমাইয়া, তাসমিয়া, সাজন, সিনহা জাহান, উস্মিতা, কুলসুম, চাঁদনী আক্তার, জান্নাতি আক্তার ও আরিফা সহ ২৪ জন ছাত্রী এবং এর আগের দিন মঙ্গলবার নন্দিনী কর্ণারে প্রবেশ করায় ৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এতে গত দুই দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে যাওয়া বন্ধ করে শিক্ষার্থীরা ভয়ে শিক্ষকদের সাথে কান্নাকাটি করছে। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন শিক্ষকরা।
জানা গেছে, এ ঘটনায় গুরুতর অসুস্থ দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার জিদনী ও নবম শ্রেণির ছাত্রী শারমিন রিয়া অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রাথমিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়। পরে তাদের মানসিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অসুস্থ অন্যান্য ছাত্রীদের স্কুলের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়।
এ পরিবেশ কাটিয়ে উঠতে প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (১৬ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের দাবীর পেক্ষিতে ইতোমধ্যে নন্দিনী কর্ণারের সাইনবোর্ড খুলে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই সাইনবোর্ড দেখলেও ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তো।
এদিকে হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানটায় প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী আতঙ্ক ও ভীতিতে অসুস্থ হয়ে পড়লে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
অসুস্থ একাধিক ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, তারা নন্দিনী কর্ণারের ভিতরে ঢুকতেই কালো, সাদা ও লাল বিড়ালের দাগ সহ বিভিন্ন সিম্বল দেখতে পায়। এতে কক্ষ থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা একে অপরকে স্পর্শ করলেই অচেতন হয়ে পড়ে। তাছাড়া কক্ষটির ভেতরে গাম্ভীর্যতা ও অদ্ভুত কিছু আছে এমনই অনুভূত হয় বলে তারা দাবি করেন। অবশ্য শিক্ষকরা দাবি করেন, বাস্তবিক অর্থে পুরোটাই কল্পনাপ্রসূত বিষয়। সেখানে এমন কিছুই নেই। যার ফলে কারও অসুস্থ হওয়ার কথা নয়।
হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক মো: নান্না মিয়া বলেন, নন্দিনী কর্ণারে ছাত্রীরা প্রবেশ করতেই তারা অসুস্থ হয়ে পড়ে। তারা নাকি ঐ কক্ষে কালো বিড়াল সাদা বিড়াল, লাল দাগসহ বিভিন্ন সিম্বল দেখে জ্ঞান হারিয়ে ফেলে। আসলে সেখানে ঐসব কিছুই নেই। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ পরিস্থিতিতে ক্লাস করানো সম্ভব নয়, তাই একদিনের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয় জানতে চাইলে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রিয়াজ উদ্দিন বলেন, অসুস্থ ছাত্রীরা মানসিক সমস্যায় ভূগছেন এমনই ধারনা করছি। তাই অসুস্থ ছাত্রীদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বেতাগী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জামাল হোসেন বলেন, উক্ত বিদ্যালয়েল প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টা অবাক করার মত। তাই পরিস্থিতি বিবেচনা করে প্রধান শিক্ষককে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলে দিয়েছি।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহমেদ বলেন, বিষয়টি আমাকে জানানোর পর অসুস্থদের হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছি। আর কি কারণে এমনটা হচ্ছে সেই বিষয় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করছি।

সংবাদটি শেয়ার করুন....