ঢাকা সোমবার , ৮ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কোটা বাতিল দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পয়েন্টে অবরোধ

অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বিএম কলেজ শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে ববি গেটসংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেছিলেন বিএম কলেজ শিক্ষার্থীরা। মহাসড়কে অবস্থানের আগে বিএম কলেজ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে টার্মিনালের সামনে অবস্থান নেন।

এ কারণে মহাসড়কে অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ববি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের আগে বেলা ১১টায় ববির গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ সভা শেষে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় ববির চার আবাসিক হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। এরপর মহাসড়কে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তৃতা দেন- ববি শিক্ষার্থী সুজয় শুভ, ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। তাই আমরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সব কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অবিলম্বে কোটা পদ্ধতি বাতিল সময়ের দাবি। যদি কোটা পদ্ধতি বাতিল না হয় তবে সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হবেন। তাই বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল বলেন, ববির সামনের মহাসড়কে অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে সারা দেশের সঙ্গে একযোগে সোমবার বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করেছিল ববি শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন....