ঢাকা মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দেশের বিভিন্ন স্থানে বিজয় র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারাদেশে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয় প্রার্থনা ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।

রাজধানী

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান ও শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে র‌্যালিটি রাজু ভাস্কর্য ঘুরে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।

নারায়ণগঞ্জ

জুলাই গণঅভ্যুত্থান বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার চাষাঢ়ায় জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও মিছিল করেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। কর্মসূচিতে শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তিতে নানা স্লোগান দেন তারা। মিষ্টি বিতরণের সময় বাংলাদেশ রিপাবলিক পার্টির উপদেষ্টা সেলিম প্রধানকেও মিষ্টিমুখ করানো হয়।

মুন্সিগঞ্জ

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা বিএনপি বিজয় র‌্যালি করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের সুপার মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন নেতা-কর্মীরা। জাতীয় পতাকা ও ব্যানার হাতে তারা মিছিল ও সমাবেশে অংশ নেন। নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ। তিনি পলাতক শেখ হাসিনাসহ আওয়ামী নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

খুলনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয়যাত্রা। মঙ্গলবার বিকেলে হাদি চত্বর থেকে শুরু হয়ে যাত্রাটি বাদ্যযন্ত্র, স্লোগান ও জাতীয় পতাকাসহ নগরীর জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। তারা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা

জুলাই গণঅভ্যুত্থান শহিদ দুই ছাত্রের স্মরণে চুয়াডাঙ্গায় পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহিদ শাহারিয়া শুভ এবং আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে শহিদ মাসুদ রানা’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপি নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। ২০২৪ সালের জুলাইয়ে ঢাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তারা শহিদ হন।

নেত্রকোণা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোণার আটপাড়া উপজেলা বিএনপির বিদ্যমান গ্রুপের একাংশ। মঙ্গলবার দুপুর দেড়টায় বানিয়াজান ইউনিয়ন বিএনপির অফিস থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেলীগাতির মোড়ে সমাবেশে মিলিত হয়। বক্তব্য দেন সাবেক উপজেলা সভাপতি খায়রুল কবীর তালুকদার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাজমুল হাসান, এমজি মাসুম রাসেল ও মো. বশির। কর্মসূচিতে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

মাধবপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। মঙ্গলবার সকালে শহিদ সফিকুল ইসলাম শামীমের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মো. জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এই দিবস রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

পঞ্চগড়

ঐতিহাসিক গণঅভ্যুত্থান ৩৬ জুলাই উপলক্ষে পঞ্চগড়ে মোটরসাইকেল র‌্যালি করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির আয়োজনে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। সভাপতি আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর নেতৃত্বে প্রায় দুই হাজার মোটরসাইকেল র‌্যালিতে অংশ নেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল ও পৌর বিএনপির নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুষ্টিয়ায় শহিদ পরিবার ও আহতদের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা সম্মেলনে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। ৬ শতাধিক পরিবারকে চেক ও ক্রেস্ট দেয়া হয়। এর আগে মঞ্চ নাটকে জুলাই বিপ্লব তুলে ধরা হয়। এদিন জেলা বিএনপি ও ইসলামী ছাত্র শিবির আনন্দ মিছিল করে। বিএনপির সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুতুব উদ্দিন আহমেদ ও জাকির হোসেন সরকার। ইসলামী ছাত্র শিবিরের মিছিল ফ্যাসিজমবিরোধী স্লোগানে মুখরিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দিদারুল আলম, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার। পুলিশ সুপার, সিভিল সার্জন ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বিশেষ অতিথি ছিলেন। শহীদ পরিবার ও যোদ্ধারা বলেন, তাদের সন্তানরা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে। দ্রুত জুলাই গণহত্যাকারীদের বিচার দাবি করেন বক্তারা।

মাগুরা

মাগুরায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে শহিদ পরিবারের সম্মিলন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। ‘ক্যামেরা-কলমে জুলাই মাগুরা’ দেয়ালিকা প্রদর্শন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দিয়ে দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মাগুরা জেলা পরিষদ নির্মিত ‘মাগুরা জুলাই গণঅভ্যুত্থানে প্রতিধ্বনি’ তথ্যচিত্রও প্রদর্শিত হয়। পূর্বে শহিদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত করেন প্রশাসন, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ।

টাঙ্গাইল

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট টাঙ্গাইল ঘাটাইলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমাবেশে সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বক্তব্য দেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বগুড়া

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারাদেশে ৪০ লাখ ফলদ ও বনজ চারা রোপণের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গাক। মঙ্গলবার বগুড়া শহরের বনানীতে গাকের প্রধান কার্যালয়ের সামনে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। তিনি জানান, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে ফলদ, বনজ, ঔষধী ও শোভা বৃদ্ধি গাছ রোপণ করা হবে, যা দেশকে বাসযোগ্য ও সবুজ করবে।

কিশোরগঞ্জ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কিশোরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান সদর উপজেলার মহিষেরবেড়ে শহীদ সোহেল রানার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। জেলা শিল্পকলা একাডেমীতে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শহিদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পুলিশ সুপার নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বলে জানান।

গাইবান্ধা

জুলাই হত্যাকাণ্ডের বিচার, আহতদের পূর্ণ চিকিৎসা নিশ্চিত এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের দাবিতে জেলা বাসদের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের এক নম্বর রেল গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় পদযাত্রাটি। সংক্ষিপ্ত সমাবেশে আবু সাইদ, অ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন শিল্পী, শহিদুল ইসলাম, মনজুরুল ইসলামসহ নেতারা বক্তব্য রাখেন ও জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবি জানান।

মাগুরা

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জেলা বিএনপি পৃথক গণমিছিল করেছে। জামায়াতের মিছিল ভায়না মোড় থেকে শুরু হয়ে চৌরাঙ্গী মোড়ে শেষ হয়। একই স্থানে বিএনপির পক্ষ থেকে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং জুলাই আন্দোলনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

নাটোর

নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মাদরাসা মোড়ে এসে মিছিল শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের গৌরবময় অধ্যায়, যা স্মরণ করে সামনে এগিয়ে যেতে হবে। বক্তব্য রাখেন জেলা আমীর ডা. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদিকুর রহমান ও শহর শাখার আমীর রাসেদুল ইসলাম রাসেল।

ময়মনসিংহ

ময়মনসিংহে নানা আয়োজনে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সকালে দিঘারকান্দা বাইপাস এলাকায় শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়, যেখানে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। দুপুরে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো বিজয় র‍্যালি আয়োজন করে। এছাড়া শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মানে দিনব্যাপী নানা কর্মসূচি চলছে।

বরিশাল

বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় আমতলার মোড় এলাকায় জেলা পরিষদের বাস্তবায়নে জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে আহত যোদ্ধা, প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দেয়ালচিত্র পরিদর্শন করেন। বক্তারা বলেন, নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, সংবর্ধনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রাজশাহী

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সকালে সিএন্ডবি মোড় এলাকায় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন করেন শহিদ সাকিব আঞ্জুমের পিতা ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। জেলা ও বিভাগীয় প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা বলেন, গত এক বছরে দেশের উন্নয়ন প্রত্যাশা মতো হয়নি এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলনকে সফল করতে সচেষ্ট হতে হবে। জেলা প্রশাসনের আয়োজনে শহিদদের কবর জিয়ারত, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও মঙ্গলবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে নগরীর টাউন হলের সামনে নবনির্মিত জুলাই স্মৃতিসম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা।

এদিকে, চট্টগ্রামে জুলাই শহিদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় অভ্যুত্থানের বিজয়ের দিনের কর্মসূচি। অংশ নেয় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষ। নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন....