ময়মনসিংহ নগরীর হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের অব্যবস্থাপনায় গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক পরিচালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই লুৎফর হোসেনের স্ত্রী।
গত রোববার (৩ আগস্ট) নগরীর ব্রাহ্মপল্লী রোডের হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে এ শিশু মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারীর স্বজনরা।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, জামালপুর থেকে রেফার্ড হওয়া প্রসূতিকে ক্লিনিকে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসক না থাকায় প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা শেষে রোগী ফিরে যেতে চাইলে বন্ধ করে দেয়া হয় লিফট। এ সময় সিঁড়ি দিয়ে নামাতে গিয়ে স্ট্রেচার থেকে পড়ে যান ওই প্রসূতি। গুরুতর রক্তক্ষরণে গর্ভের শিশুটি মারা যায়।
এদিকে, অভিযোগের পর দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হওয়া এ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হাসপাতালের মালিক ও ম্যানেজারসহ তিনজনকে।
