ঢাকা শুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে বিএনপির গণ-মিছিল ও কর্মী সভা

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক বিশাল গণ-মিছিলের আয়োজন করেছে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘তারুণ্যনির্ভর আগামীর বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগরের ষোলঘর বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে কয়েক শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগান নিয়ে অংশ নেন। পুরো এলাকা তখন বিএনপির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিলে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ। মিছিল শেষে তিনি বলেন, তৎকালীন সরকার ও নির্বাচন কমিশন দেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে যে কলঙ্কের সৃষ্টি করেছিল, তা থেকে উত্তরণের জন্যই বিএনপির এই আন্দোলন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে মত দেন তিনি।

গণমিছিল শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ষোলঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শেখ মো. আব্দুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল হাসান ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রনি, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের শ্রীনগর উপজেলা সভাপতি ফয়সাল রনি ও সাধারণ সম্পাদক এমদাদুল হক রজিণ ও উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে গণঅভ্যুত্থান দিবসের বার্তা পৌঁছে দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....