ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে চাঁদাসহ ছাত্রদলের ২ নেতা আটক

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার এক সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। আটকের পর সেনাবাহিনী তাদেরকে সকাল ৭ টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।

পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরূপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তার ৪ সহযোগী। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এর প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের টের পেয়ে সাথে থাকা পানেল মিয়া, মো. রোকন, নির্জন মিয়া পালিয়ে যায়।

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মাধবপুর থানার ওসি সহিদ উল্যা বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ওসি আরও বলেন, অরূপ চৌধুরী ধরমন্ডল গ্রামের বাসিন্দা, তিনি ডিসলাইনের ব্যবসা করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....