মাগুরা শহরের কলেজ রোডে উত্তরা ব্যাংকের পাশে একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা প্রথমে বস্তুগুলো দেখতে পেয়ে থানায় খবর দেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন জানান, আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলুর বাড়ির সামনে নির্মাণাধীন ভবনের নিচে লাল টেপে মোড়ানো অবস্থায় বস্তুগুলো পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে।
তিনি আরও বলেন, বস্তুগুলো দেখতে বোমার মতো হওয়ায় আমরা বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে পৌঁছালে নিশ্চিতভাবে বলা যাবে এগুলো আসলেই বোমা কিনা।
এদিকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। কে বা কারা, কী উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রেখেছে তা এখনও জানা যায়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
