বরিশালে স্বাস্থ্য সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দীন রনি।
তিনি জানান, আগামীকাল রোববার (১৭ আগস্ট) আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ এবং ন্যায্য বিচারের দাবীতে বেলা ১১টায় বরিশালের অশ্বিনী কুমার হলের সামনে থেকে মিছিল বের করা হবে।
মহিউদ্দীন রনি বরিশালবাসীসহ দেশবাসীকে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গত বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে।
এ আন্দোলনটি ইতোমধ্যে গত ২০ দিন ধরে চলমান রয়েছে এবং একদল শিক্ষার্থী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
