হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী মালঞ্চপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন ধর্মঘর বিওপির টহল দল।
আটককৃতরা হলেন— নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মিনারা বেগম (২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার ঝর্ণা আক্তার (১৯) এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ফারজানা আক্তার শৈলী (২২)।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন, তারা ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এজন্য মানবপাচারকারী চক্রের সদস্য মাধবপুরের মালঞ্চপুর গ্রামের কামাল মিয়া ও নিজনগর তোফাবাড়ি এলাকার লিটন মিয়াকে জনপ্রতি ১২ হাজার টাকা দেন তারা।
২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, আটক নারী ও অভিযুক্ত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্তজুড়ে।
