ঢাকা বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নপূরণের আশায় ইতালিতে গিয়ে একদিন পর নিভে গেল জীবন প্রদীপ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপ্নের দেশে গিয়ে নতুন জীবন শুরু করার আগেই চিরবিদায় নিতে হলো ফেনীর পরশুরামের যুবক সোহাগ দেওয়ানকে। ইতালির রোমে পৌঁছার একদিন পর শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। হঠাৎ এই মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সোহাগ দেওয়ান ফেনীর পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়ার মীরু দেওয়ানের ছোট ছেলে। স্ত্রী ও এক বছর বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থতায় ভুগলেও পরিবারের আর্থিক সংকট দূর করতে গত ১৬ আগস্ট ইতালির উদ্দেশে রওনা দেন সোহাগ। পরদিন ১৭ আগস্ট বিকেলে রোমে পৌঁছার পর অসুস্থতা বেড়ে গেলে বড় ভাই বাবলু দেওয়ানের সহায়তায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে বাসায় ফেরার পর ভোররাতে তিনি মারা যান।

সোহাগের বাবা মীরু দেওয়ান বলেন, ‘আমার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সোহাগ সবার ছোট ছিল। স্বপ্নপূরণের আশায় ইতালিতে গেলেও একদিনের মাথায় তাকে হারালাম। এমন মৃত্যু যেন কারো না হয়।’

বড় বোন আয়েশা আক্তার জানান, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি সোহাগ স্পন্সর ভিসার জন্য আবেদন করেন। গত ২ জুলাই ওয়ার্ক পারমিট ইস্যু হয় এবং ১৭ জুলাই দূতাবাসে ভিসার আবেদন জমা দেন। মাত্র ১০ দিনের মধ্যেই ভিসা হাতে পান। কিন্তু চোখের পলকেই ভাইকে হারালাম।

এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং শোকাহত পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন....