কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। চলন্ত একটি প্রাইভেট কারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে, যার ফলে একই পরিবারের চারজন নিহত হন।
কাভার্ডভ্যানটি সরাতে না পারার কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে হাইওয়ে পথে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
দুর্ঘটনাস্থলে কাজ করছেন হাইওয়ে পুলিশের সাতজন সদস্য। আনিসুর রহমান নামের এক উপপরিদর্শকের নেতৃত্বে পুলিশ সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে উপপরিদর্শক পর্যায়ের ওপরে কোনো কর্মকর্তা এখনও ঘটনাস্থলে পৌঁছাননি।
উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের ক্রেনের ধারণ ক্ষমতা সীমিত। কাভার্ডভ্যানটি ভারী হওয়ায় আরও বড় ক্রেন ভাড়া করতে হচ্ছে। এই কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। কাভার্ডভ্যান সরানো হলে যান চলাচল স্বাভাবিক হবে।
