নাটোরের সিংড়ায় হাঁসের খামারে বিদ্যুৎস্পর্শ হয়ে ইমান আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ছাতুয়া গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, সোমবার সকালে নিহত কৃষক ইমান আলী ছাতুয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের পাশে তাল কুড়াতে যায়। এ সময় খামারের শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে তার মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
