রাজধানীর মিরপুরে জমি কেনার নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দম্পতি হলেন আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২)।
তারা জমি কিনবে বলে বিক্রেতা বা ব্রোকারকে বাসায় ডেকে আনেন। এরপর জিম্মি করে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, জায়গা কেনার কথা বলে বিল্লাল হোসেন নামে একজন জমির ব্রোকারের কাছে যান আব্দুল হালিম। পরে তিনি জায়গা কিনবেন জানালে তাকে সিঙ্গাইর এলাকায় কৃষিজমি দেখান বিল্লাল।
জমি দেখার পর হালিম জানান, জমি পছন্দ হয়েছে। মূল ক্রেতা ঢাকার মিরপুরে আছেন। তার সঙ্গে বসে বাকি আনুষ্ঠানিকতা সারতে হবে। ফোনে একজন মহিলা ক্রেতার সঙ্গে কথাও বলেন বিল্লাল; কিন্তু ক্রেতারূপী সেই মহিলা ছিল হালিমের স্ত্রী ইয়াসমিন।
ক্রেতা ভেবে বিল্লাল মিরপুরে তার বাসায় আসেন। সেখানে আসামাত্রই চারজন তাকে মারধর করে বেঁধে ফেলে। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রথমে সঙ্গে থাকা সাড়ে ৭ হাজার এবং পরে বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। গ্রেফতার ওই দম্পতি আরও একবার একইভাবে প্রতারণা করে গ্রেফতার হয়েছিল।
