ঢাকা বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের ফেরিঘাটে উল্টো চিত্র

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

পদ্মাসেতু চালু হওয়ার আগে ফেরির জন্য অপেক্ষা করতেন যাত্রীরা, কিন্তু এখন দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ফেরিগুলো যাত্রীর জন্য অপেক্ষায় থাকে। এতে ফেরিতে থাকা ঢাকামুখী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষের তথ্যমতে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করলেও ফেরীঘাটে পরিবহণের সংখ্যা অনেকটা কম। যে কারণে ঢাকামুখী যাত্রীদের ফেরির মধ্যে আটকে থেকে কিছুটা সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বুধবার সকালে সরেজমিন দৌলতদিয়া ৪ নম্বর ফেরীঘাটের হাসনাহেনা ফেরিতে গিয়ে যাত্রীদের এসব ভোগান্তির চিত্র দেখা যায়।

ঢাকায় চিকিৎসার জন্য ফেরিতে উঠা যাত্রী রফিকুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে ভোর ৫টার দিকে শ্রীপুর থেকে ঘাটে এসে ফেরির মধ্যে আটকে আছি।ফেরি লোড না হওয়া পর্যন্ত নাকি কর্তৃপক্ষ ফেরি ছাড়বে না। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ফেরিতে থাকা ঢাকামুখী অপর যাত্রী ব্যবসায়ী সবুজ খান বলেন, পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে দৌলতদিয়া ঘাটে পরিবহণ ও যাত্রী একেবারেই নেই। তাই প্রতিনিয়ত এখানে এসে অপেক্ষা করতে হয়।

এ বিষয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে কয়েকদিন যাবত ফরিদপুরের আটরশী ওরসের জন্য বেশ পরিবহণ ও যাত্রীদের চাপ ছিল। আজকে থেকে হয়তো যাত্রীদের চাপ তেমনটা না থাকায় ফেরিতে আটকে থেকে ভেগান্তি পোহাতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....