ঢাকা শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল অটোচালকের মরদেহ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে একটি বসতঘর থেকে উজ্জ্বল নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের প্রশিকা মোড় এলাকার নইমুল ইসলাম সজিবের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল ময়মনসিংহের পাগলা থানার লঙ্গাইর ইউনিয়নের কাজা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বাড়ির মালিক নঈমুল ইসলাম সজীব জানান, তার ভাড়া দেওয়া বাড়িতে উজ্জ্বল একটি কক্ষে চার-পাঁচ বছর যাবত ভাড়ায় বসবাস করছেন। উজ্জ্বল সেখানে একাই থাকতেন। বৃহস্পতিবার বিকেলে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি তাকে জানায়। এ বিষয়ে পুলিশে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। মরদেহের সামান্য দূরে একটি ব্যাগ থেকে কয়েক পুটলা গাঁজা উদ্ধার করা হয়েছে। নিহতের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন পাশেই ছিল। মোবাইলের কল লিস্টে দেখা যায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় একটি নম্বরে তিনি সর্বশেষ ১৭ সেকেন্ড কথা বলেছেন। ধারণা করা হচ্ছে ওই রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে। তবে মরদেহে পচন ধরায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্নও বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....