ঢাকা সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টায় মামলা

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে বাসায় ঢুকে গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

চেয়ারম্যানের ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে পুটিয়া কামারগাঁও এলাকার আরিফ সরকারকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে শিবপুর মডেল থানায় এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- পুটিয়া কামারগাঁও এলাকার আরিফ সরকার, পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে মো. মহসিন মিয়া (৪২), পুটিয়া কামারগাঁও এলাকার সুরুজ মোল্লার ছেলে ইরান মোল্লা (৩০), মুনসেফেরচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শাকিল (৩৫), কামারগাঁও এলাকার নাজিম উদ্দিনের ছেলে হুমায়ূন (৩২) ও নরসিংদী সদর থানার ভেলানগর এলাকার ড্রাইভার নূর মোহাম্মদ (৪৮)।

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তরা এলাকার একটি মসজিদের অনুদান নিতে এসেছেন জানিয়ে ফোন করে চেয়ারম্যানকে দরজা খুলতে বলেন। পরে তারা চেয়ারম্যানের বাসায় ঢুকেন। এ সময় চেয়ারম্যান তাদের বসতে বলে আপ্যায়নের জন্য পাশের কক্ষের দিকে ঘুরলে পেছন থেকে ৩ জন গুলি করেন। এতে চেয়ারম্যান পিঠে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে আসামিরা মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এ মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া হামলার ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ রয়েছে। দ্রুতই গুলির প্রকৃত কারণ জানা ও জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শনিবার সকালে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খানের বাড়ির ড্রয়িইং রুমে ঢুকে তিনজন সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে গুলি করেন। পরে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। আহত হারুনুর রশিদ খান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হারুনুর রশিদ খানকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগ। সোমবার নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ঘটনার নিন্দা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে মানববন্ধনের আয়োজন করে জেলা ছাত্রলীগ শহর যুবলীগ, জেলা শ্রমিকলীগ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল, শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হত্যার চেষ্টা ও গুলির ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ ১০-১৫ জন অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....