ঢাকা শুক্রবার , ১৯ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারকে ধর্ষণের অভিযোগ

আইএম নিউজ
আগস্ট ১৯, ২০২২ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি :: গোপালগঞ্জে বিয়ের প্রলোভনে সাবেক এক মহিলা মেম্বারকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

শুক্রবার সকালে গোপালগঞ্জ সদরের করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ওরফে সোনা মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী ওই নারী তার বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ইউপি চেয়ারম্যান সোনা মিয়া আমাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছেন। সর্বশেষ গত ৩০ মে রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান আমাকে করপাড়া রুহুল আমিনের পরিত্যক্ত ফাঁকা বাড়ির পুকুরপাড়ে ডেকে নিয়ে আমার সাথে শারীরিক মেলামেশা করেন।

তিনি আরও বলেন, আমি তাকে বিয়ে করার কথা বললে তিনি আমাকে বিয়ে করতে অস্বীকার করেন। কোনো উপায়ান্তর না পেয়ে গত ১৪ আগস্ট গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন আছে।

অভিযোগ অস্বীকার করে করপাড়া ইউপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের ইন্ধনে ওই নারী মিথ্যা ও অবান্তর সব কল্পকাহিনী বানিয়ে আমার মানসম্মান নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। বিষয়টি আমি লোকমুখে শুনতে পেরে গত ১১ আগস্ট গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

সংবাদটি শেয়ার করুন....