নিজস্ব প্রতিবেদক :: জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির সম্মুখীন। পত্রিকান্তরে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশবাসী স্তম্বিত। সশস্ত্র মুক্তিসংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার সুগভীর ও দীর্ঘমেয়াদী ব্লু প্রিন্ট পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করায় জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি— শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে আজ (শুক্রবার) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আবদুর রব এসব কথা বলেন।
জেএসডি সভাপতি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটা করতে তিনি ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন। ইহা রাষ্ট্রদোহিতার শামিল। কারণ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অন্য কোনো রাষ্ট্রের অঙ্গ নয়, বা কারো মক্কেল রাষ্ট্র নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ক্ষমতায় থাকা বা না থাকা নির্ভর করে দেশের জনগণের অভিপ্রায়ের ওপর, অন্য কোনো রাষ্ট্রের ওপর নয়। ভারতের কাছে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় টিকে থাকার এই হীন আকুতি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদার পরিপন্থী।’
তিনি বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে জড়িত হয়ে পররাষ্ট্রমন্ত্রী তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন এবং তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়েছেন।’
জেএসডি সভাপতি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন- কিছুদিন আগে ভারতে এক ভদ্রমহিলা কিছু কথা বলেছিলেন, আমরা সরকারের পক্ষ থেকে একটি কথাও বলিনি। বিভিন্ন দেশ কথা বলেছে, আমরা বলিনি। এই ধরনের প্রটেকশন আমরা আপনাদের দিয়ে যাচ্ছি। উল্লেখ্য, সারা বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়া হলেও বাংলাদেশের ক্ষমতাসীনদের এ বিষয়ে নিরবতা আমাদের জাতির জন্য লজ্জাকর। ’
তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন- শেখ হাসিনা আছেন বলে ভারতের যথেষ্ঠ মঙ্গল হচ্ছে। বর্ডারে অতিরিক্ত খরচ করতে হয় না। ভারতের কয়েক লাখ লোক আমাদের দেশে কাজ করে। জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া বাংলাদেশ সরকারের কর্তব্য হতে পারে না। রাতের আঁধারে ভোটবিহীন নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারের পক্ষেই শুধু এসব সম্ভব। সরকার যে জনগণের সমর্থন ও সম্মতি ছাড়াই রাষ্ট্র ক্ষমতা আবারো দখল করার চক্রান্তে লিপ্ত তার ব্লু প্রিন্ট উন্মোচিত হয়েছে।’
জেএসডি সভাপতি আব্দুর রব আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন- আমি শিক্ষক লোক, সত্য কথা বলি। তাই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকারের অবস্থানের প্রতিফলন। সরকারের এই অবস্থানের কারণে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নতুবা সরকারকে পদত্যাগে বাধ্য করতে গণজাগরণ অনিবার্য।’
