মাদারীপুর প্রতিনিধি :: গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৯ দিন পর লিটু মাতুব্বর (৪৬) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার পৌরসভাধীন ছোট বাহাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিটু মাতুব্বর মুকসুদপুর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের মৃত বাঁকা মাতুব্বরের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগস্ট বিকালে জীবিকা নির্বাহের জন্য ভ্যানগাড়ী নিয়ে বের হন লিটু মাতুব্বর। পরে বাড়িতে ফিরে না আসায় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পরদিন মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাহেদা বেগম।
শুক্রবার ভোর রাতে এস আই শাহারিয়ার টহল ডিউটি কালীন সময়ে ফোকাস লাইট দিয়ে আশেপাশে দেখার সময় এক পর্যায়ে ধানক্ষেতে ধান গাছ হেলে পড়া ও ভাঙ্গা দেখেন। পরে সন্দেহ হলে কাছে গিয়ে দেখেন অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য আলামত দেখে মরদেহটি লিটু মাতুব্বর বলে শনাক্ত করেন।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করাসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
