রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরের দিকে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ রায় দেন।
রায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলো— রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে খলিল ও একই গ্রামের মো. রহিম শেখের ছেলে মো. নীল চাঁদ।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ওই কিশোরী মাঠে যায়। এ সময় পাশের কলাবাগানে থাকা খলিল ও নীল চাঁদ ওই কিশোরীকে দেখে এগিয়ে আসে এবং তার মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এ বিষয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলাটি রাজবাড়ী থানা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন।
