ঢাকা শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গির প্রকোপ বাড়ছে

আইএম নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে ডেঙ্গির প্রকোপ ঊর্ধ্বমুখী। এতে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গি নিয়ন্ত্রণে নানা তৎপরতার কথা বললেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকারি তথ্য অনুযায়ী ঢাকার মধ্যে উত্তর সিটি করপোরেশনে এবং ঢাকার বাইরে কক্সবাজারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেশি। গত চার মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ১২৬, ফেব্রুয়ারিতে ২০, মার্চে ২০, এপ্রিলে ২৩, মেতে ১৬৩, জুনে ৭৩৭, জুলাইয়ে ১ হাজার ৫৭১, আগস্টে ৩ হাজার ৫২১ এবং সেপ্টেম্বরে ১ হাজার ৭৭০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। আর ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছেন জুনে ১, জুলাইয়ে ৯, আগস্টে ১১ এবং সেপ্টেম্বরে (বৃহস্পতিবার পর্যন্ত) ১০ জন।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বিজ্ঞানভিত্তিক উপায়ে পরিচালনা করা হচ্ছে না। এ কারণে কাক্সিক্ষত সফলতা আসছে না। বছরব্যাপী সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী যে ধরনের কার্যক্রম পরিচালনা করা দরকার, তা হচ্ছে না। নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ জনবলও। মশার উপদ্রব নিয়ন্ত্রণে থাকলে এ নিয়ে চিন্তা করেন না কর্মকর্তারা। যখন ডেঙ্গির প্রকোপ বেড়ে যায়, তখন নড়েচড়ে বসেন। মানুষের মনভোলানোর জন্য দৃশ্যমান কিছু কাজ করেন। যেটা ডেঙ্গি নিয়ন্ত্রণে তেমন ভূমিকা রাখছে না।

কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, সরকারি তথ্যের চেয়ে অন্তত ১০ গুণ বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে। সব তথ্য সরকারি তথ্যভান্ডারে যুক্ত করতে পারছে না স্বাস্থ্য বিভাগ। শুধু সরকারি ও বেসরকারি ৪৭টি হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর তথ্য স্বাস্থ্য বিভাগ সংগ্রহ করে সেটা সরবরাহ করছে। তিনি বলেন, ডেঙ্গি নিয়ন্ত্রণে এখন সিটি করপোরেশন যত কিছুই করুক না কেন, ডেঙ্গি ঊর্ধ্বমুখীই থাকবে। চলতি মাস এবং অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়বে। নভেম্বর থেকে আক্রান্তের হার ধীরে ধীরে কমবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও পূর্ব এশীয় অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, ডেঙ্গি নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি জনগণকে ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গি আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা গ্রহণ করতে হবে। কোনো কারণে দেরি হয়ে গেলে ডেঙ্গি ভয়াবহ রূপ ধারণ করে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের ডেঙ্গি আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডেঙ্গি যেহেতু ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে, এজন্য উপজেলা পর্যায়েও ডেঙ্গির মানসম্মত চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, বদ্ধ জলাশয়গুলো ঢাকার ডেঙ্গি বিস্তারের প্রধান কারণ। বিশেষ করে খাল ও নর্দমা ডেঙ্গির প্রজননে ভূমিকা রাখছে। কেননা ঢাকার বেশির ভাগ খাল ও নর্দমায় পানির প্রবাহ নেই। এসব খাল ও নর্দমায় প্রবাহ সৃষ্টির ব্যবস্থা করতে হবে। ঢাকার দুই সিটি সূত্রে জানা যায়, দুই সিটিতে প্রায় ৭৫০ কিলোমিটার বক্সকালভার্ট ও কাভার্ড ড্রেন রয়েছে। যেগুলোয় মশার ওষুধ ছিটাতে পারে না দুই সিটি। পাশাপাশি প্লাস্টিক সামগ্রী, পলিথিন, ডাবের খোসাসহ বিভিন্ন আবর্জনায় ড্রেনগুলো ভরাট থাকে। দুই ভবনের মাঝখানের জায়গা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যে কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় না। জমাটবদ্ধ পানিতে কিউলেক্স ভয়াবহরূপে বংশবিস্তার করছে। এসব স্থানে মশার প্রজনন ধ্বংস করতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই গ্রহণ করছে না।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. জোবায়দুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই মৌসুমে ডেঙ্গির ব্যাপারে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, তার তুলনায় পরিস্থিতি অনেক স্বাভাবিক। এই অবস্থায় থাকাটা সিটি করপোরেশনের তৎপরতার ফসল। স্বাভাবিক সময়ের চেয়ে এখন ডেঙ্গি আক্রান্তের হার বেশি। আর এটাও স্বাভাবিক ব্যাপার। কেননা এখন ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির সময়। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আক্রান্ত ও মৃত্যু কমাতে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, চলতি বছরে ডিএসসিসি এলাকায় ২ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেছেন। দৈনিন্দন আক্রান্তের মধ্যে ১৫ থেকে ১৬ ভাগ ডিএসসিসি এলাকার। প্রতিটি মৃত্যু ও আক্রান্তের জন্য আমরা ব্যথিত। তবে ডিএসসিসি শুরু থেকেই ডেঙ্গি নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, কাউখালীতে একজন ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছেন। ওই রোগী বুধবার জ্বর নিয়ে কাউখালী হাসপাতালে ভর্তি হন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জ্বরের ধরন দেখে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গি শনাক্ত হয়।

সংবাদটি শেয়ার করুন....