গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসা শুরু করেছে। এখন পর্যন্ত বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী- ৪৮০ কেন্দ্রের মধ্যে ৮টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ৩৯৪৩ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৬৫০৪ ভোট পেয়েছেন।
৮ কেন্দ্রের মধ্যে রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
সূত্রে জানা যায়, এই কেন্দ্রে মোট ১৮০৮ ভোটের মধ্যে নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২৯৩, জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৫৩২, আতিকুল ইসলাম (মাছ) ২৪, নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩১, গাজী আতাউর রহমান (হাত পাখা) ২৪, রাজু আহমেদ (গোলাপ ফুল) ৬টি, মো. হারুনুর রশিদ (ঘোড়া) ১টি, সরকার শাহনুর ইসলাম (হাতি) ১২টি ভোট পেয়েছেন।
আজ এই কেন্দ্রে ১৮০৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯২৭টি। এর মধ্যে নৌকার প্রার্থীর চেয়ে বেসরকারিভাবে ২৩৯ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ শোনা যায়। প্রায় বেশিরভাগ কেন্দ্রেই ইভিএম ধীরগতিতে কাজ করেছে।
সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।
