ক্রীড়া ডেস্ক :: আগের দিন উলভসকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এসেছিল ম্যানসিটি। সনের হ্যাটট্রিকে লেস্টারকে ৬-২ গোলে উড়িয়ে টটেনহামও টপকে যায় আর্সেনালকে।
রোববার ব্রেন্টফোর্ডের মাঠে ৩-০ গোলের দাপুটে জয়ে ফের শীর্ষে ফিরল আর্সেনাল। সাত ম্যাচে গানারদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমেদুই ও তিন নম্বরে নেমে গেছে ম্যানসিটি ও টটেনহাম।
অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও জিনচেংকোর ইনজুরির কারণে যুব দলের মিডফিল্ডার এথান নওয়ানেরিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শেষ পর্যন্ত বদলি হিসাবে মাঠে নেমে প্রিমিয়ার লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে গেলেন ১৫ বছর বয়সি নওয়ানেরি। তিনি নামার আগেই গানারদের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। ১৭ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে আর্সেনালকে এগিয়ে দেন উইলিয়াম সালিবা।
২৮ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। লিগে সাত ম্যাচে ব্রাজিলীয় ফরোয়ার্ডের গোল হলো চারটি। ৪৯ মিনিটে ব্রেন্টফোর্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফাবিও ভেইরা। একই দিনে ইতালির সেরি-এ লিগে উদিনেসের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মিলান। আরেক ম্যাচে নবাগত মনজার কাছে ১-০ গোলে হেরেছে জুভেন্টাস। সেরি-এ লিগে এটাই মনজার প্রথম জয়।
