টঙ্গীবাড়ী প্রতিনিধি :: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা-বাবার ঝগড়ায় অতিষ্ঠ হয়ে সাদিয়া আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
নিহত সাদিয়া আক্তার উপজেলার বালিগাওঁ ইউনিয়নের হাট বালিগাঁওয়ের সেলিম মিয়ার মেয়ে এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
সোমবার বিকাল সাড়ে ৪টায় মা-বাবার মধ্যে ঝগড়া দেখে বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সাদিয়ার বাবা নিয়মিত তাদের ভরণপোষণ দিত না। খাবারের সমস্যার কারণে তার মায়ের সঙ্গে তার বাবার প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। এ ঘটনার প্রেক্ষিতে সে আত্মহত্যা করতে পারে।
টঙ্গীবাড়ী থানার ওসি মো. রাজিব খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করে নাই। বিষয়টি তদন্তাধীন।
