টেকেরহাট প্রতিনিধি :: মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রার লিয়াকত হোসেনকে (৪৫) একটি ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জুম্মার নামাজের পরে থানার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমাম ও নিকাহ রেজিস্ট্রার লিয়াকত হোসেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও পশ্চিম সরমঙ্গল গ্রামের মৃত পাশা শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০২১ সালে রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের এক কলেজছাত্রীকে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে হাফিজুর রহমান শিপন (৩০) রেজিস্ট্রি কামিন মূলে বিবাহ করেছে মর্মে ভুল বুঝিয়ে শারীরিক মেলামেশা করে। ওই কারণে ছাত্রীর গর্ভে মাহামুদুল হাসান নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। পরে ওই বিবাহ ও গর্ভজাত সন্তান অস্বীকার করেন হাফিজুর রহমান শিপন (৩০) ও তার ভগিনীপতি ইমাম ও নিকাহ রেজিস্ট্রার লিয়াকত হোসেন।
পরে ওই কলেজছাত্রী মানুষের দ্বারে দ্বারে ঘরে বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হন এবং হাফিজুর রহমান শিপন গংদের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ইমাম ও নিকাহ রেজিস্ট্রার লিয়াকত হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
