কিশোরগঞ্জে বিপুল পরিমাণ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া এলাকায় অভিযানটি চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৌলিগাতি গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে বায়েজিদ খান (৪৮), কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের জাফর আলীর ছেলে জাহাঙ্গীর (২৭) ও পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মৃত মীর হোসেনের ছেলে আশরাফ (৫৫)।
র্যাব জানায়, নেত্রকোণা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে একটি চোরাকারবারীচক্র ভারতীয় চিনি কিশোরগঞ্জে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকার চাঁনমারি মোড়ে তল্লাসি চৌকি স্থাপন করে। সকাল সোয়া ৬টার দিকে তাড়াইলের দিক থেকে কিশোরগঞ্জ শহরের দিকে আসতে থাকা ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে চিনি পাওয়া যায়। ট্রাকে থাকা লোকজন এর কোন বৈধ কাগজপত্র দেখাতে অক্ষম হলে ট্রাকসহ ১৪ হাজার ৮৫০ কেজি ভারতীয় চিনি, নগদ ১৭ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
