ঢাকা সোমবার , ২৩ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২৫

মো: ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দেরশতাধিক। সোমবার দুপুর আড়াইটার দিকে ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ধারণা নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস। আহতদের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বিসিবি’র সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মুহ‚র্তে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এগারসিন্দুর বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়। তারা আরো জানান, উল্টে যাওয়া বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

সরেজমিনে দেখাযায়, এতে ঢাকার সাথে ময়মনসিংহ-সিলেট-চট্টগ্রাম ও নোয়াখালীর রেল চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস, র‌্যাব, আনসার, পুলিশ ও বিজিবি’র সদস্যরা উদ্ধার কাজে তৎপর রয়েছেন। যারা গুরুতর আহত হয়েছেন এবং শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তক্ষরণ হয়েছে তাদেরকে রক্ত দেয়ার জন্য সেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এসেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ২৫ জনের বেশি যাত্রী নিহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ সমাপ্ত হলে নিহতের সঠিক সংখ্যা জানাযাবে।

 

সংবাদটি শেয়ার করুন....