ঢাকা বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী চান আ’লীগ নেতারা

ইমরান হোসেন, কিশোরগঞ্জ
নভেম্বর ২৩, ২০২৩ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি থেকে পরপর তিন’বার এমপি হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এবার আওয়ামী লীগের নেতারা আসনটি ফেরত চান। নৌকার প্রার্থী হতে ইতোমধ্যে ২০ জন নেতা দলের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের অনেকে মনে করেন জোটের সমীকরণে মুজিবুল হক চুন্নুকে এ আসনে প্রার্থী করা হলে জয় কঠিন হবে।
একটানা তিন মেয়াদে মুজিবুল হক চুন্নু এমপি থাকায় আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকার উন্নয়ন ব্যাহত হয়েছে বলে মনে করেন দলের নেতারা। করিমগঞ্জ-তাড়াইলে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে ড.মিজানুল হক আমৃত্যু চেষ্টা চালিয়েছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে এমপি হন। ২০০১ সালে তিনি বিএনপি প্রার্থী ড.ওসমান ফারুকের কাছে পরাজিত হন। ২০০৮ সালে জোট হওয়ায় মহাজোটের প্রার্থী হয়ে বিজয়ী হন মুজিবুল হক চুন্নু। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালেও মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ২০১৪ সালে জোট সরকারে তাকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী করা হয়।
তবে বর্তমানে লাঙ্গল নয় নৌকা চান দলীয় নেতাকর্মীরা। এ আসন থেকে যারা দলীয় মনোনয়ন ফরম কিনেছেন,তাদের মধ্যে আছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আলহাজ্ব এরশাদ উদ্দিন, করিমগঞ্জ উপজেলা আ.লীগের আহবায়ক মোঃ নাসিরুল ইসলাম খান আওলাদ, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আ ন ম নৌশাদ খান, চক্ষু বিশেষজ্ঞ ড.ইনামুর রহমান চৌধুরী, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহাবুব ইকবাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আসাদুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভ‚ঞা, তাড়াইল উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল মোতাহার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ, এডভোকেট মোজাম্মেল হক মাখন, ড. আনিছুর রহমান আনিছ, মাহফুজুল হক হায়দার, এমরান আলী ভ‚ঁইয়া, করিমগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আব্দুল কাইয়‚ম,আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু, ড. শহিদুল ইসলাম,দিলওয়ার হোসেন মঞ্জু, সাবেক জাতীয় ফুটবলার মাজহারুল ইসলাম হিমেল ও মাসুদ খান।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতায় তৃণম‚ল পর্যায় থেকে লাঙ্গলের বদলে নৌকার প্রার্থী দেওয়ার দাবি জোরালো হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার দাবি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নানাভাবে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন একাধিক নেতা।
করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল বলেন, করিমগঞ্জ তাড়াইলে অনেকদিন যাবত নৌকার প্রার্থী নেই। মানুষ নৌকা মার্কায় ভোট দিতে চায়। এবার আমরা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চাই। এটা তৃণম‚লের দাবী।
মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এরশাদ উদ্দিন বলেন, করিমগঞ্জ-তাড়াইলে ২০০১ সাল থেকে ২২ বছর যাবত নৌকা নেই। আওয়ামীলীগ খুব দুরবস্থায় আছে। বর্তমান উপজেলা আ.লীগের আহবায়ক দলকে সুসংগঠিত করতে পারেনি। কিন্তু এ আসনটি আওয়ামীলীগ এর ঘাটি ছিল। তাই এ আসনটি পুনরুদ্ধার করতে নৌকার প্রার্থী চাই আমরা।

মো. ইমরান হোসেন
কিশোরগঞ্জ প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....