ঢাকা শুক্রবার , ১৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগামীর বাংলাদেশ হবে জনগণের : জোনায়েদ সাকি

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাইয়ের শহিদেরা সারা দেশের মানুষকে এক সুতায় গেঁথেছিলেন মন্তব্য করে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আবু সাঈদ বুকে গুলি নিয়ে সারাদেশে যে দাবানল সৃষ্টি করেছিলেন, সেই দাবানলকে আমরা যদি বুকে ধারণ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাইয়ের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশ ও শহীদি মার্চে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, পূর্বে আমরা দেখেছি মুষ্টিমেয় লোক ক্ষমতাকে কাজে লাগিয়ে ধন-সম্পদ আহরণ করেছে। এখনও আমরা দেখছি ক্ষমতাকে ব্যবহার করে কেউ কেউ দখলদারিত্ব চালাচ্ছে। কেউ চাঁদাবাজি প্রকাশ্যে করে, কেউ গোপনে ধন সম্পদ আহরণ করে। ক্ষমতা ব্যবহার করে যে দেশে ধন-সম্পদ আহরণ করা যায় সে দেশের কোন উন্নতি হয় না।

তিনি আরও বলেন, জুলাই পরিষ্কার করে বলছে, এদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ। জনগণের মর্যাদা প্রতিষ্ঠার দেশ। তাই এই দেশে ক্ষমতাকে ব্যবহার করে যে ধন সম্পদ আহরণের প্রচেষ্টা করবে, তাদেরকেই প্রতিহত করতে হবে। জুলাই পরিষ্কার করে বলছে ঘৃণার রাজনীতি আর বাংলাদেশে চলবে না। এই ঘৃণার রাজনীতির পরিবর্তে আমরা বৈষম্যহীন অন্তর্বর্তীমূলক রাজনীতি চাই। আর এটাই হচ্ছে জুলাইয়ের রায়। তাই বলছি কেউ শহিদদের চেয়ে বড় হইতে চাইবেন না। তাহলে তার পরিণতিও ভালো হবে না।

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, দলের সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ফতুল্লা থানার যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....