অনেকে বাইরে সভা-সমাবেশে সংস্কারের কথা বললেও, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বসে সংস্কারের প্রতি অনীহা দেখায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মানুষ সংস্কার চেয়েছে, এখনো চায়। সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’ তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল সংস্কারের পক্ষে এবং যারা সংস্কারের বিরোধিতা করছে, তাদের ‘নিশ্চয়ই কোনো বদমতলব’ রয়েছে।
জুলাই সনদ ও সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার কমিশনের ভেতরে-বাইরে কী হয়, সমাবেশের বক্তব্যে তিনি এটাও উল্লেখ করেন।
জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা প্রসঙ্গে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই। সেজন্য মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয়।
ডা. তাহের আরও বলেন, আপনারা বলছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন। কেন এমনটা মনে করছেন? আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন, নাকি দখল করবেন? নির্বাচনে দখলবাজি করতে দেবে না জনগণ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজবিরোধীরাই জিতবে মন্তব্য করে তিনি বলেন, জামায়াতে ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণের জয় হোক। জনগণ যাদের ভোট দেবে, তারাই জিতবে। সোহরাওয়ার্দীর বিশাল এ সমাবেশ, মেসেজ কি পাওয়া যাচ্ছে না কারা জিতবে? আগামীতে বাংলাদেশপন্থিরাই জিতবে, চাঁদাবাজবিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তির বিজয় হবে।
জামায়াত কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ পছন্দ করে না জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, জামায়াত কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামেও জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশেও কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে আবার রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামায়াত জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সংগ্রাম করবে, প্রয়োজনে রুখে দাঁড়াবে।
