দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা থাকলেও আসন্ন সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কায় আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সাতটি দেশই।
রোববার (২০ জুলাই) ঢাকায় সাফের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ড্র। ড্র অনুযায়ী, স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, আর ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে ভারত ও পাকিস্তান।
ড্রয়ের পট সাজানো হয়েছে ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে। প্রথম পটে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। শ্রীলঙ্কা পড়েছে ‘এ’ গ্রুপে আর ভারত ‘বি’ গ্রুপে। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। ড্রতে বাংলাদেশের নাম ওঠে আগে, ফলে তারা ‘এ’ গ্রুপে যায় এবং পাকিস্তান স্বাভাবিকভাবে ‘বি’ গ্রুপে পড়ে ভারতের সঙ্গে।
তৃতীয় পট থেকে নেপাল পড়ে ‘এ’ গ্রুপে ও ভুটান ‘বি’ গ্রুপে। শেষ পটে ছিল একমাত্র দল মালদ্বীপ। ড্রয়ে মালদ্বীপ যুক্ত হয় ‘বি’ গ্রুপে। এতে ‘এ’ গ্রুপে থাকে তিনটি দল আর ‘বি’ গ্রুপে হয় চারটি দল।
গ্রুপ ‘এ’:
শ্রীলঙ্কা (স্বাগতিক), বাংলাদেশ ও নেপাল।
গ্রুপ ‘বি’:
ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।
গ্রুপ ‘এ’-তে হবে মোট তিনটি ম্যাচ এবং গ্রুপ ‘বি’-তে ছয়টি ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দু’দল (চ্যাম্পিয়ন ও রানার্সআপ) খেলবে সেমিফাইনালে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে। খুব শিগগিরই জাতীয় দলের ক্যাম্প শুরু করার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
