মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, ‘পরাজিত শক্তি পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে। গুজব ছড়িয়ে জনমনে তারা আতঙ্ক সৃষ্টি করছে বলে আশঙ্কা করছেন প্রধান উপদেষ্টা। তাই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বন্ধুত্ব অটুট রাখার আহ্বান জানিয়েছেন তিনি।’
গাজী আতাউর বলেন, ‘সব রাজনৈতিক দল ঐক্যমতের কথা জানিয়েছে—যাতে কোনোভাবেই অস্থিতিশীলতা পুনর্বাসিত হতে না পারে।’
‘আমরা বলেছি সচিবালয় বারবার আক্রান্ত হচ্ছে। সচিবালয় অরক্ষিত। গোয়েন্দা, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কিনা সে প্রশ্ন রেখেছি,’ যোগ করেন ইসলামী আন্দোলনের মুখপাত্র।
তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন—সেই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সব রাজনৈতিক দল সরকারের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছে।’
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে কোনো অগণতান্ত্রিক শক্তির প্রভাব রয়েছে কি না, সেটিও পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন বলে জানান গাজী আতাউর।
এর আগে রাত ৯টার দিকে চলমান পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে প্রধান চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নিজ দলের পক্ষে অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান নেতৃত্ব দেন দলের পক্ষে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি এই সংলাপে সরকারের তরফে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য। প্রায় দেড় ঘণ্টা চলে সংলাপ।
