জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম শুধু পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিলে চলবে না, বরং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করতে হবে
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের ইশতেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এরই ধারাবাহিকতায় আমরা ‘জুলাই পদযাত্রা’ সম্পন্ন করেছি। যারা এতে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও জানান, জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার জুলাই সনদ প্রকাশ করবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।
নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ বা গণপরিষদ গঠিত হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ সনদ কার্যকর করতে হবে, এটাই আমাদের জোরালো দাবি।
