ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় ছাত্রদলের কমিটি ঘোষণার পর তথ্য গোপনের অভিযোগে ৬ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাবির ১৮টি হলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল।
৬ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ হল কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
