ঢাকা শনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাপার অব্যাহতিপ্রাপ্তদের কাউন্সিলে নতুন চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টি (জাপা) থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতাদের উদ্যোগে আয়োজিত দলের দশম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে দলের সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মহাসচিব হয়েছেন রুহুল আমিন হাওলাদার।

এ ছাড়া কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে এই নেতৃত্ব নির্বাচন হয় এবং নির্বাচন কমিশনের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির নাম ঘোষণা করেন।

জহিরুল ইসলাম জহির জানান, চেয়ারম্যান বাকিদের সঙ্গে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজ থেকে আর কেউ অন্যায়ভাবে পার্টি থেকে বহিষ্কার হবেন না। যারা পার্টির জন্য কাজ করবেন, তাদের মূল্যায়ন করা হবে। আমরা আদর্শিক রাজনীতি করব এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।

নবনির্বাচিত মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আপনাদের সহযোগিতা পেলে দেশের মানুষের জন্য কাজ করতে পারব। যারা এই কাউন্সিলে আসেননি তাদেরও জাতীয় পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছি।

উল্লেখ্য, জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে জাপার ভেতরে নতুন মেরুকরণ শুরু হয়েছে। গত ৫ আগস্ট বিরোধী অংশের সভায় আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় এবং জি এম কাদের কর্তৃক বহিষ্কৃতদের পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....