গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডে বসতবাড়ির ১০টি কক্ষ ও ৯টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশাররফ হোসেন বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটিসহ ছয়টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মালামালসহ ঝুটের ৯টি গুদাম ও বসতবাড়ির ১০টি কক্ষ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
