গোপালগঞ্জ প্রতিনিধিঃঃ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন এর দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা গোপালগঞ্জের মানিকদহে ১ হাজার ১০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৪ জানুয়ারি) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা এসব পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত রয়েছে। দেশগঠন ও যে কোন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, প্রশিক্ষণকালীন সময়ে সেনাবাহিনী তার জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে নিয়মিত দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ গোপালগঞ্জ অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
প্রশিক্ষণ এলাকায় নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
