নীলফামারী সদরে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নজলী রায় (২৫) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক অটোচালক।
বুধবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার সোনাররায় খয়রা নগর স্টেশনের পাশে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়নজলী রায় সোনারায় বেড়াকুন্ডি কইপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডে হেলপার হিসেবে কাজ করতেন।
এছাড়া আহত অটোচালক মঈনুল ইসলামের বাড়ি জয়চন্ডি ঘাটের পার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে ইপিজেডে কাজে যাওয়ার জন্য বের হয়েছিলেন নয়নজলী। অটোরিকশায় করে যাওয়ার পথে ওই রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়নজলীর মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।
