ঢাকা মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

আইএম নিউজ
আগস্ট ২৩, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি :: বগুড়ার শেরপুরের কেল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. শাহজাহান আলীর বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সোমবার বিকালে অভিযোগ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী দীর্ঘ দিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। এ বিষয়ে মুখ খুললেই মেয়েদের শারীরিক নির্যাতন করাসহ ভয়ভীতি প্রদর্শন করেন।

ছাত্রীদের কমনরুমে হরহামেশাই ঢুকে পড়েন শাহজাহান আলী। এক সপ্তাহ আগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতন করায় তার পরিবারের লোকজন সম্মানের ভয়ে তাকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ওই শিকক্ষার্থীর ভবিষ্যৎ। এরকম অভিযোগ রয়েছে অনেক ছাত্রীর।

কেল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের বিষয়ে ছাত্রীরা আমাদের কাছে বললে আমরা প্রধান শিক্ষককে কিছুই বলতে পারি না। বলতে গেলে উল্টো আমাদেরই গালাগাল করেন।

কেল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আশরাফ আলী বলেন, ছাত্রীদের যৌন হয়রানির বিষয়ে প্রধান শিক্ষক শাহজাহান আলীকে আমি বেশ কয়েকবার সতর্ক করেছিলাম।

এ ব্যাপারে কেল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ কয়েকজন শিক্ষক ও দম্পতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....