ঢাকা শনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থীদের ব্যতিক্রমধর্মী প্রচারণায় উৎসবমুখর রাবি ক্যাম্পাস

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে প্রার্থীদের ব্যতিক্রমধর্মী প্রচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। সরেজমিন দেখা গেছে, গান বাজনা, মেহেদি দিয়ে ব্যালট নং আকা, লিফলেটের পরিবর্তে কাঁঠাল পাতার ব্যবহারসহ নানা ব্যতিক্রমি প্রচার-প্রচারণা চলছে ক্যাম্পাসজুড়ে।

শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গনসহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে এমন ধরনের জনসংযোগ করতে দেখা গেছে।

সকাল থেকেই প্রার্থীরা গান বাজনায় ভোটারদের মন জয়সহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। কেউ হাতে মেহেদি দিয়ে ব্যালট নং একে প্রচারণা করছেন। কেউ কেউ লিফলেটের পরিবর্তে কাঁঠাল পাতায় ব্যালট-ইশতেহার লিখে বিতরণ করছেন।

দেখা গেছে, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপিপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর প্রচারণা চালাচ্ছেন প্রজাপতির অনুকরণে ডিজাইন করা লিফলেট দিয়ে। অন্যদিকে একই প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা প্রচারপত্র তৈরি করেছেন হাতের পাঁচ আঙুলের আদলে। ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রার্থী জায়িদ হাসান জোহা প্রচারণায় নিজেই সেজেছেন কৃষক, গাইছেন গম্ভীরা গান।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। মোট ভোটার রয়েছে ২৯ হাজার।

সংবাদটি শেয়ার করুন....