সৈয়দপুর প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূসম্পত্তি উদ্ধার অভিযানে ৫ একর জমি উদ্ধারসহ ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ উদ্ধার জমিতে সীমানা নির্ধারনী লাল পতাকা স্থাপন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার বিকাল পর্যন্ত সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর ভূসম্পত্তি কর্মকর্তা ও বিভাগীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
অভিযানে শহরের বাঙালিপুর এলাকায় বিসিক শিল্পনগরী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনের আলোচিত শেখ সাদ কমপ্লেক্সসহ আশপাশের প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয়। এ ছাড়া অবৈধ দখলদার সাইফুল ইসলামের ১০ হাজার, সাইদুর রহমানের ১১ হাজার ৫০০, মাহবুবুর রহমানের, আখতার হোসেন ও শহিদুল ইসলামের ১৫ হাজার করে, ওয়ালটন শোরুমের ৩০ হাজার এবং মুন্সিপাড়ায় সরকারি কাজে বাধা দেওয়ায় আনিসুর রহমানের এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে শহরের প্রাণকেন্দ্রে তামান্না সিনেমা হলে তালা লাগাতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় পৌর মেয়র রাফিকা আকতার জাহানসহ সব কাউন্সিলর উপস্থিত হয়ে উচ্ছেদ বন্ধের অনুরোধ জানান।
