কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করে পতাকা উত্তোলন, বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (০৬ মে) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্ব বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্ট এলাকা থেকে শুরু হয় এ কর্মসূচি।
পরে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বর, ডায়েনা চত্ত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিবসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ দলীয় টেন্টে ছাত্র সমাবেশে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ কর্মসূচি।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম খান, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, ছাত্রলীগ কর্মী সামিউল, শাহিন, হাফিজ, কামাল, রতন, ইমন, ফুয়াদ, রনিসহ প্রায় কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ।
কর্মসূচিতে নেতাকর্মীরা চলমান সংকট রোধে বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড ও ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় সকলের কন্ঠে স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, নিপিড়ীত মানুষের পক্ষে কাজ করে গেছেন। এই সমাবেশ থেকে ফিলিস্তিনিদের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই।
