ঢাকা রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পিকনিকের প্রাইভেটকার চাপায় শিশু নিহত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহনে পিকনিকের প্রাইভেটকারের চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয় অপর এক শিশু। শনিবার দুপুরে লালমোহন মঙ্গলসিকদার এলাকায় এ ঘটনা ঘটলে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে নাদিয়া নামে ওই শিশুর মৃত্যু হয়।

রোববার লাশ পোস্টমর্টেম শেষে নিজ বাড়ি কর্তারহাট এলাকায় দাফন করা হয়।

জানা গেছে, শনিবার চরফ্যাশন উপজেলার জিন্নাগর থেকে পিকনিক পার্টি আসে লালমোহন মঙ্গলসিকদার বাজারে। একই দিনে চরফ্যাশন থেকে ২টি পিকনিক পার্টি আসাতে একটি স্থান নেয় ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। অন্যটি স্থান নেয় ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। একটি প্রাইভেটকারে ছিলেন জিন্নাগরের চেয়ারম্যানের স্ত্রীসহ কয়েকজন। সেটি মাঠের ভেতরে রাখে।

মাঠের পাশে শিশু নাদিয়ার নানার বাসা। শিশু নাদিয়া কর্তারহাট এলাকার হারুন অর রশিদ দুলালের মেয়ে। পিকনিক পার্টি দুপুরে খাওয়া শেষে চলে যাওয়ার সময় প্রাইভেটকারটি মাঠে ঘোরাতে গেলে পেছনে থাকা নাদিয়া ও তার মামাতো ভাইকে চাপা দেয়।

ঘটনাস্থলে নাদিয়ার রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলায় প্রেরণ করেন। ভোলায় নেওয়ার পথেই নাদিয়া মারা যায়।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, নিহত শিশুর পিতা মামলা করতে রাজি হননি। তবে থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা করে।

সংবাদটি শেয়ার করুন....